বাঁক পেরিয়ে একলা পথিক
বাঁক পেরিয়ে একলা পথিক
-ফজলে এলাহি মুজাহিদ
এই আকাশের স্বপ্ন এখন শিশু তুমি
রৌদ্র কিরণ, চন্দ্রালোকে ফুল-সুবাসে স্নিগ্ধ ভূমি,
রাত পোহানোর শুনছো আযান সোনামনি
লাল ভূমির এই প্রথম শোনা মধুর ধ্বনি।
কান্না কেন? দীর্ঘ পথের ক্লান্তি কি তাই?
জীবন পথের একলা এ দিন ভুলো না ভাই,
মিলবে দেখা রূপসা নদীর বাঁকে বাঁকে শ্যাম-রূপসী
হলদে পাখি কার বিরহে বনবাসী।
গান শুনিয়ে, জাল বুনিয়ে একলা পথে যায় কে ফেলে
হায় ধরনীর পথে পথে কত মেলে,
কি আছে আর দেব তোমায়; তাই বুঝি এই
ভীষণ ভীড়ে একলা চলি সঙ্গিনী নেই।
আমার আছে একখানি মন; যেদিন থেকে চলছি পথে
আর যাকিছু এই আসে যায়, সব তোমাদের; শাস্ত্রমতে,
কাল বিকেলে যাই যদি এই ভুবন ছেড়ে
হিস্যা নেবে স্বার্থপরী দু’হাত নেড়ে।
বলো, কিছু বলছি মিছে,
সত্য যা তাই বলবো হেথাই; কি লাভ বলো রটিয়ে পিছে?
রইলো আমার পথ চলা আর একলা আমি
সাত আকাশের ঐ পারেতে হিসেব কষেন অন্তর্যামী,
কি করেছি, কাজ কি ছিল, কি নিয়েছি পাথেয়-জল
কোথায় সময় পুঁথি পড়ার চলছে ছুটে বিজ্ঞানীদল।
হায় সুবাসী স্নিগ্ধা আমার! শুনছি তোমার হাসির ঝিনিক
শেষ বিকেলেই মনে হলো- ‘বাদল দিনের রৌদ্র ঝিলিক’;
এই আসে এই যায় মিলিয়ে···
সন্ধ্যা নদীর বাঁকে হারায় ঝলমলে দিন, রঙ বিলিয়ে।
দু’পাশের ঐ দুর্বা দলে পথ চল ভাই একলা পথিক
ভুবন বাগের রঙিন মোহে ভুলো না সে পথটি সঠিক।
০৬.০২.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
There are no threads for this page.
Be the first to start a new thread.